আগামীকাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জামায়াতে ইসলামী। দলটির আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। তবে হাসপাতাল ও এ্যাম্বুলেন্স হরতালের আওতামুক্ত থাকবে।
বুধবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক সাংবাদ বিবৃতিতে এসব তথ্য জানান।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার জামায়াতের আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্র করছে। সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য বেছে বেছে জামায়াত ও ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের হত্যা করছে।
তিনি বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার ভূলুন্ঠিত। মিছিল,সভা-সমাবেশের আয়োজন করলেই সরকার গুলি চালাচ্ছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গণে নৈরাজ্য সৃষ্টি করে হাজার হাজার ছাত্র-ছাত্রীর শিক্ষাজীবন ধ্বংস করছে।
তিনি আরো বলেন, ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে হিন্দু সম্প্রদায়ের ধর্মপ্রাণ তীর্থযাত্রীগণ জেলার শিবগঞ্জ উপজেলার তর্ত্তিপুর নামক স্থানে গঙ্গাস্নানের জন্য গমন করবেন। জেলার হিন্দু সম্প্রদায়ের অনুরোধের প্রেক্ষিতে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বার্থে চাঁপাইনবাবগঞ্জ জেলা হরতালের আওতামুক্ত থাকবে।
সরকারের সকল অগণতান্ত্রিক কর্মকান্ড ও জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে দেয়া এ হরতাল শান্তিপূর্ণভাবে পালন করার জন্য জামায়াতের সকল পর্যায়ের জনশক্তি ও সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
[b]
ঢাকা, ৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]





