ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম এবং সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস। আর দক্ষিণ থেকে ছিটকে পড়েছেন বর্তমান মেয়র সাঈদ খোকন।

আজ (২৯ ডিসেম্বর) রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

তাপস ও আতিককে প্রার্থী করার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “পপুলার ও উইনেবল প্রার্থীকেই আওয়ামী লীগ বেছে নিয়েছে। জনগণের কাছে প্রার্থীর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে বিবেচনায় নেয়া হয়েছে। কোন প্রার্থী নির্বাচনে জেতার উপযোগী, সেটি বিবেচনায় নেয়া হয়েছে।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মনোনয়ন বোর্ডে যারা ছিলেন, তারা প্রার্থীর জনপ্রিয়তার বিষয়টি দেখেছেন। প্রার্থীর গ্রহণযোগ্যতার দিক বিবেচনায় নিয়েছেন। মনোনয়ন বোর্ডের সবার সম্মতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন। এটা নিয়ে বেশি কিছু বলার নেই।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওবায়দুল কাদের। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের বিবেচনার বিষয়গুলো তুলে ধরেন সেতুমন্ত্রী।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি এবং আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বিএনপি এই দুই সিটিতে প্রার্থী করেছে যথাক্রমে তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে।

এমবি