সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা ৪টি মামলায় দ্রুত চার্জশিট দাখিল করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার বেলা ৩টায় সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন। এসময় পুলিশের মহাপিরিদর্শক, র‌্যাব, বিজিবি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও বিডিপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রানা প্লাজার ঘটনায় যে মামলা রয়েছে তার অভিযোগপত্র খুব দ্রুত দেয়া হবে। এ বিষয়ে তদন্ত সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছ।’
এসময় মামলার সম্পর্কে পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার জানান, ‘এ সংক্রান্ত ৪টি মামলা রয়েছে। তার মধ্যে দুটির অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি ২টি যত দ্রুত সম্ভব দেয়া হবে। তবে মামলার তদন্ত কাজ সুষ্ঠ হওয়ার জন্য কিছু সময় বিলম্ব হয়েছে। এছাড়া মামলায় ২১ আসামির মধ্যে ৮ জন আসামি উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও বাকি আসামিরা কারাগারে রয়েছে।’
স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বলেন, ‘গত বছর ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ভবনটি বিধ্বস্ত হয়, যাতে ১১৩৫ জন লোক প্রাণ হারায় এবং ২৪৫৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। নগর এলাকায় এ ধরণের দুর্ঘটনায় এত দক্ষতার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক প্রাণ রক্ষা করার ঘটনা একটি বিরল দৃষ্টান্ত। বাংলাদেশের ইতিহাসে রানা প্লাজা ধসের ঘটনাটি একটি অত্যন্ত মর্মস্পর্শী এবং স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনা।’
প্রতিমন্ত্রী আরও জানান,  যে কোন দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে আরও আধুনিকায়ণে প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন স্থাপনের নির্দেশনার প্রেক্ষিতে ৪টি উন্নয়ন প্রকল্পের অধীনে স্টেশন নির্মাণ কাজ বাস্তবায়িত হচ্ছে। চলমান প্রকল্পগুলি সম্পন্ন হলে ২০১৬ সাল নাগাদ ফায়ার স্টেশনের সংখ্যা হবে ৫৪৯টি।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]