সরকারের প্রতি অভিযোগ করে বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জয়নাল আবদিন ফারুক বলেছেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি আপনারাও পারবেন না।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক মানববন্ধন থেকে তিনি এ আহ্বান জানান।

দৈনিক ইনকিলাব সম্পাদকের বাসায় পুলিশী তল্লাশীর প্রতিবাদ এবং বার্তা সম্পাদকের নি:শর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরকারকে উদ্দেশ্য করে জয়নাল আবদিন ফারুক বলেন, ১ লা সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশন বসবে। আমরা চাই, এই সংসদ অধিবেশনের আগেই আপনারা গত ৫ জানুয়ারির অবৈধ নির্বাচন বাতিল করুন। এবং দেশের জনগণ ও সব রাজনৈতিক দলের কাছে গ্রহণ যোগ্য হয় এমন একটি নির্বাচনের ঘোষণা করুন।

তিনি বলেন, বর্তমান সংসদ অবৈধ। তাই এই সংসদে যে আইন পাশ করা হবে সেটাও হবে অবৈধ। কারণ এই সংসদে জনগণের ভোট ছাড়াই ১৫৪ জন সংসদ সদস্য মনোনীত হয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি রাজপথে সরকার বিরোধী আন্দোলন করছে। আর আমরা এই আন্দোলন করছি গণতান্ত্রিক পন্থায়। এবং গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়েই বর্তমান সরকারের পতন নিশ্চিত করা হবে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে ফারুক বলেন, জিয়া পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে দিবেন না। যদি জিয়া পরিবারকে নিয়ে কথাই বলতে চান, তাহলে আগে জনগণকে বলুন ৭২ সালে বঙ্গবন্ধু সম্পর্কে আপনি কি বক্তব্য দিয়েছেন।

সরকারকে উদ্দেশ্য করে তিনি আরওবলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা সংসদে পাশ করার আগে গণমাধ্যমের কর্মীদের সাথে কথা বলুন। কারণ গণমাধ্যমের জন্য কোন কাজ ভালো হবে, তা সরকারের চেয়ে সংবাদকর্মীরাই ভালো বোঝেন।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহের সভাপতিত্বে মানববন্ধনে আরওবক্তব্যে রাখেন জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ।

ঢাকা, এমএইচ, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর