গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শাহারুল ইসলামের উপর অমানষিক জুলুম-নির্যাতন চালানোর ফলে বন্দী অবস্থায় সে মৃত্যুবরণ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

আজ শুক্রবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শাহারুল ইসলামকে দুই মাস পূর্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে। তার উপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালানো হয়।

গুরুতর অসুস্থ অবস্থায় তার চিকিৎসার ব্যবস্থা না করে তাকে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ দুই মাস গুরুতর অসুস্থ অবস্থায় উপযুক্ত চিকিৎসার অভাবে আজ ৩ মার্চ সকাল সাড়ে ৬টায় সে মৃত্যুবরণ করে (ইন্নালিল্লাহিওয়া ইন্নাইলাইহি রাজীঊন)।

গ্রেফতারের পর থানায় নিয়ে অমানসিক নির্যাতন চালিয়ে তাকে অসুস্থ করে দেয়া হয়। চিকিৎসা না করে তাকে কারাগারে আটক রেখে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে শাহারুল ইসলামের পরিবার ও আত্মীয়-স্বজনের বিশ্বাস।

একজন ছাত্রকে অন্যায়ভাবে গ্রেফতার করার পর তার উপর পুলিশী নির্যাতন চালিয়ে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে পরিকল্পিত হত্যার নিন্দা জানানোর কোন ভাষা নেই।

শাহারুল ইসলামকে নৃশংসভাবে হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

আমি শাহারুল ইসলামকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

এসএইচ