নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিএনপির ঢাকা মহানগর কমিটি ভেঙে দেওয়া হচ্ছে। বর্তমান আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে সরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক করে নতুন কমিটি গঠন করা হচ্ছে।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, ২১ সদস্যের কমিটির সব নাম চূড়ান্ত।

তবে কমিটির সদস্য সচিব পদ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে  না পারায় এখন পর্যন্ত নতুন কমিটির সদস্যদের নাম গণমাধ্যমে প্রকাশ করা যাচ্ছে না।

চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, বর্তমান যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীর উন নবী খান সোহেল- এই ৩ জনের যে কোনো একজন সদস্য সচিব পদ পেতে পারেন। এ বিষয়ে সংগঠনের হাইকমান্ড  চুলচেরা বিশ্লেষণ করছে।

নির্ভরযোগ্য এই সূত্রটি আরও জানায়, আগামীকাল শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওমরা পালনের জন্য সৌদি আরব যাওয়ার জন্য আজই কমিটি চূড়ান্ত করে গণমাধ্যমে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক বৃহস্পতিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কাজও শুরু হয়।

উল্লেখ্য, ২১ সদস্যের নতুন এ কমিটিকে তিন মাসের মধ্যে সম্মেলন করে ইউনিট, ওয়ার্ড ও থানা কমিটিগুলো গঠনের পর কাউন্সিলের আয়োজন করবে। এ কমিটিকে সার্বিকভাবে সহযোগিতা করবে সিনিয়র নেতাদের নিয়ে গঠিত একটি উপদেষ্টা কাউন্সিল।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৪ মে বেগম খালেদা জিয়া সাদেক হোসেন খোকাকে আহ্বায়ক ও আবদুস সালামকে সদস্য সচিব করে ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ছয় মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয় তাদের। কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষে কমিটি করা সম্ভব হয়নি।

ঢাকা, এমএইচ, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) টিআই