আগামী মঙ্গলবার দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে। এ ছাড়া নতুন বছরে মন্ত্রিসভা পুনর্বিন্যাস হতে পারে। বললেন আওয়ামী লীগের দ্বিতীয় দফার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

গত শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিল অধিবেশনে আংশিক এ কমিটি ঘোষণা করেন দলের নবনির্বাচিত সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কমিটিতে অনেক গুরুত্বপূর্ণ নেতার নাম আসেনি, এটি নিয়ে দলের ভেতর-বাইরে বেশ আলোচনা হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, আগামী মঙ্গলবার দলের সভাপতিমণ্ডলীর সভা ডাকা হয়েছে। সেখানে আলাপ-আলোচনার পর দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে বলে আশা করা যাচ্ছে।

ক্ষমতাসীন দলটি নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পর মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আসবে কিনা, সে সম্পর্কে ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন রাখেন এক সাংবাদিক।

জবাবে ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভা পুনর্বিন্যাস একটি রুটিনওয়ার্ক। নতুন বছরে এটা হতে পারে। আওয়ামী লীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে বিএনপি। এই বিষয়টিকে গণতন্ত্র চর্চার অংশ হিসেবে দেখছেন ওবায়দুল কাদের।

টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করেছেন বলেই দ্বিতীয়বারের মতো আমাকে এই পদে মনোনীত করেছেন। উনি আমাকে যে মর্যাদা দিয়েছেন আমি তা রক্ষার চেষ্টা করব।

দল ও মন্ত্রণালয়ের কাজ একসঙ্গে করতে কোনো সমস্যা হয় কিনা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘দল এবং মন্ত্রণালয়ের কাজ একসঙ্গে করতে আমার কোনো সমস্যা হয় না। আমি রাস্তা দেখতে গিয়ে দলের কাজ করি।’

এ প্রসঙ্গে তিনি বলেন, অন্য বিরোধী দলের নেতারা সম্মেলনে উপস্থিত হয়েছিলেন। বিএনপি এলে ভালো হতো। শুভ খবর বয়ে আনত।

এএস