বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার নিন্দা জানিয়ে বলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে সরকার দিশেহারা হয়ে পড়েছে। এ কারণে খালেদা জিয়ার প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটাতে একের পর এক হামলা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতা সোলায়মান ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, যুবদল নেতা এম এ বাতিন প্রমূখ। প্রতিবাদ সভার সঞ্চালক ছিলেন ছাত্রদল নেতা আতাউর রহমান আতা।
একই দিন সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র বিএনপির একটি অংশের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. মুজিবুর রহমান মজুমদারের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশে বার বার হামলা চালানো হচ্ছে। এ হামলা সরকারের সন্ত্রাসী, অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।
জেআই





