স্থানীয় নির্বাচনকে দলীয়ভাবে না করার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, এই নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিৎ নয়। মূলত একদলীয় শাসন কায়েমের জন্য ষড়যন্ত্র করছে সরকার।

স্থানীয় নির্বাচনকে দলীয় নির্বাচনে রুপান্তর করে ঘরে ঘরে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে দেশকে তছনছ করে দেয়ার ষড়যন্ত্র করছে। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে এই ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে। এ ছাড়া নারায়ণগঞ্জের সাত খুনের আসামি নূর হোসেনকে ভারত থেকে এনে পুলিশের কাছে সোপর্দ না করে র‌্যাবের হাতে তুলে দেয়ায় বিস্ময় প্রকাশ করেন শাহ মোয়াজ্জেম হোসেন।

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিদেশ ফেরত প্রবাসীদের সমন্বয়ে গড়া ‘বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল’ নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক জাকির হোসেন কাজল।

শাহ মোয়াজ্জেম বলেন, কুখ্যাত খুনি নূর হোসেনকে র‌্যাবের হাতে কেনো তুলে দেয়া হলো আমি বুঝতে পারছি না। এই মামলায় র‌্যাবের ভুমিকা বিতর্কিত। তাকে (নূর হোসেনকে) পুলিশের হাতে তুলে দেয়া উচিৎ ছিলো। বিশেষ করে যখন র‌্যাবের একজন শীর্ষ কর্মকর্তা (তারেক সাঈদ মোহাম্মদ) এই খুনের আসামি হয়ে কারাগরে আছেন। এ ঘটনার ক্ষেত্রে র‌্যাব বিতর্কিত।

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের উদ্যোগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, এই নির্বাচন দলীয়ভাবে হওয়া উচিত নয়। কারণ স্থানীয় এই নির্বাচনে একভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ান। অনেক সময় বংশগত ব্যাপার থাকে। খালের এপার-ওপার, দক্ষিণে-পশ্চিমে প্রার্থী দাঁড়ান। এই নির্বাচনের রেশ বেশি দিন থাকে না। কদিন পরে আবার নির্বাচন ভুলে সবাই আপন হয়ে যান। আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কি চাচ্ছেন? জাতীয় পর্যায়ের গোলমাল একবারে নিম্ন পর্যায়ে নিয়ে গিয়ে হিংসা ছড়িয়ে দিতে?

সম্প্রতি দুই বিদেশি হত্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যেরও সমালোচনা করে প্রবীণ এই নেতা বলেন, বিদেশি হত্যায় প্রধানমন্ত্রী বলেছেন, এতে খালেদা জিয়া জড়িত। আর আইনপ্রয়োগকারী সংস্থা বলছে, তাদের কাছে কোনো ক্লু নেই। এ ধরনের কথা বলা ঠিক নয়। কারণ কোনো দেশের প্রধানমন্ত্রী যদি কাউকে খুনি বলেন তাহলে তাকে নির্দোষ প্রমাণিত করার জন্য দেশে কেউ কি থাকেন?

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খারাপ সময় যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এদেশের রাজনীতিতে খুন-গুম ছিল না। এখন হয়েছে। এজন্য সরকারের পুরস্কার পাওয়া উচিত। তিনি আবহাওয়ার জন্য পুরস্কার পেয়েছেন। আর জরিপ বলছে, পৃথিবীর ১৪০টি দেশের মধ্যে বসবাসের অনুপোযোগী হিসেবে বাংলাদেশ দ্বিতীয়। তারই তো পুরস্কার পাওয়া উচিৎ!

মামলা-গ্রেফতার করে সরকার দেশে একদল করার পায়তারা করছে অভিযোগ তুলে শাহ মোয়াজ্জেম বলেন, এই সরকার মানুষের অধিকার হরণ করে, জেল-জুলুম দিয়ে অত্যাচার-নির্যাতন করে গণতন্ত্রকে বেমালুম শেষ করে দিয়ে একদল করার পায়তারা করছে। স্থানীয় নির্বাচনকে দলীয় নির্বাচনে রুপান্তর করে ঘরে ঘরে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে দেশকে তছনছ করে দেয়ার ষড়যন্ত্র করছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে এই ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে বলেও জানান শাহ মোয়াজ্জেম।

এমএইচ