১৯ মে অনুষ্ঠিত রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদে নির্বাচনে সরকারি দলের ভোট ডাকাতি, কেন্দ্র দখল ও কারচুপির প্রতিবাদে ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলা বিএনপির।
বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি রোকন উদ্দিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও কালুখালী উপজেলা বিএনপির আহবায়ক লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, রাজবাড়ী পৌরসভা বিএনপির সভাপতি অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি গাজী আহসান হাবিব, জেলা বিএনপির প্রচার সম্পাদক এ মজিদ বিশ্বাস প্রমুখ।
১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক খান বলেন, সরাসরি ২২টি কেন্দ্রে ভোট ডাকাতির মহোত্সব চলেছে। ব্যালট পেপারের মুড়িতে ও ব্যালট পেপারে কোনো প্রিসাইডিং অফিসার বা দায়িত্বশীল সহকারী প্রিসাইডিং অফিসার অথবা পোলিং অফিসারের স্বাক্ষর ছিল না।
স্বাক্ষরবিহীন ওইসব ব্যালট পেপার দিয়েই আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সাইফুল ইসলামের আনারস প্রতীকের পক্ষে সিল মেরে ব্যালট বাক্স ভরা হয় এবং তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]