বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ২০ সদস্য বিশিষ্ট আইনজীবীদের একটি প্রতিনিধি দল।

সোমবার রাত ৯টায় চেয়ারপারসনের গুলশান বাসায় এ বৈঠক শুরু হয়।

এর আগে আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ ২০ সদস্য বিশিষ্ট আইনজীবী প্রতিনিধি দলটি খালেদা জিয়ার গুলশানের বাসায় প্রবেশ করেন।

এ দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমেদ।

বৈঠকে সিটি করপোরেশন নির্বাচনের আগে দলীয় নেতাকর্মীদের কিভাবে জামিনের ব্যবস্থা করা যায় এ বিষয়ে আলোচনা হবে। এছাড়া নির্বাচনে কিভাবে দলীয় প্রার্থীদের বিজয়ী করা যায় এ ব্যাপারেও আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ২০ প্রার্থী, কাউন্সিলর পদে ৩৮৬ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৯৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কেএইচ