অপরাধী যে দলের, আর যত প্রভাবশালীই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ২১ আগস্টের গ্রেনেড হামলা ঘটনার প্রতিবাদে আয়োজিত আলোচনাসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
ওবায়দুল কাদের বলেন, 'সমাজে একটি অপরাধের বিচার না হলে আরেকটি অপরাধ প্রতিষ্ঠিত হয়। দল করবেন আর দলের শৃঙ্খলা মানবেন না- তা হতে পারে না। অন্ত:স্বত্তা নারীকে গুলি করে কেউ পার পাবে না।'
তিনি বলেন, '১৫ আগস্টে শেখ ফজলুল হক মনির অন্ত:স্বত্তা স্ত্রীকেও ঘাতকরা গুলি করেছিল। শিশু রাসেলকে হত্যা করেছিল। ৩৭ বছর আগের ওই ঘটনায় কেউ প্রতিবাদ করেনি। তবে সাম্প্রতিক সময়ে যে হত্যার ঘটনাগুলো ঘটছে তার বিচার অবশ্যই হবে।'
এ সময় ২১ আগস্টের ঘটনাকে ১৫ আগস্টের ধারাবাহিকতা উল্লেখ করে- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এর মূল টার্গেট করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মো. ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি ফয়েজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এমকে





