অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, খালেদা জিয়ার কারণেই দেশে হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার কথায় দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।
শুক্রবার দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার এখন এ সব অপকর্ম বন্ধ করা উচিত। হত্যাকাণ্ডের মতো অপকর্ম ঘটিয়ে দেশে গৃহযুদ্ধ বাধানো সম্ভব নয়। বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রয়োজনে আগামীতে আরো কঠোর হবে।
অর্থমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়ার সঙ্গে দেশের জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই তিনি জনগণের কষ্টের ভাষা বোঝেন না। হরতাল-অবরোধ ও নাশকতা করে জনগণকে জিম্মি করে তিনি ক্ষমতায় যেতে চাইছেন।
দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।
এর আগে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা গভর্নর ইঞ্জিনিয়ার এমএ লতিফ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-রোটারি ক্লাব ভারতের প্রাক্তন গভর্নর নির্মল কুমার সিনভি, তার স্ত্রী রোটারিয়ান দিনা সিনভি, রোটারি ক্লাবের প্রাক্তন গভর্নর ড. মঞ্জুরুল হক চৌধুরী, জেলা সেক্রেটারি ফয়সল আহমদ, রোটারিয়ান আতাউর রহমান পীর প্রমুখ।
এসএইচ





