পুলিশি বাধায় নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে প্রবেশ করতে পারেনি নগর বিএনপি নেতা-কর্মীরা। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সকালে ফুল দিতে গেলে বাধা দেয় পুলিশ।
পরে বিপ্লব উদ্যানের পাশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন বলেন, ৭ নভেম্বর দেশ ও জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে দেশীয় দোসর ও সাম্রাজ্যবাদের আগ্রাসন থেকে দেশ মুক্ত হয়েছিল।
ডা. শাহাদাত প্রশাসনের উদ্দেশ্য বলেন, বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে বাঁধা দিয়ে দেশের গণতন্ত্রকে হত্যা করবেন না। এদেশের মানুষের কষ্ঠার্জিত গণতন্ত্র বাঁধাগ্রস্থ হলে সম্রাজ্যবাদের আগ্রাসনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলুণ্ঠিত হবে।
শাহাদাত বলেন, আমরা প্রতি বছরের ন্যায় ৭ নভেম্বরের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে থাকি। তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ষোলশহর বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পনের কর্মসূচি ছিল। কিন্তু অনাকাঙ্খিতভাবে আমাদের কর্মসূচিতে প্রশাসন বাঁধা দেয়।
পরে শহীদ জিয়ার প্রথম কবর রাঙ্গুনিয়ায় চট্টগ্রাম মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় নগর বিএনপির সহ-সভাপতি সামশুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুর রহমান শামীম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত, হারুন জামান, মোশাররফ হোসেন দিপ্তী, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএ





