বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন,বিদেশে বসে লম্বা লম্বা কথা না বলে, সাহস থাকলে দেশে এসে মামলার মোকাবেলা করুন। আপনার মতো পালাতক আসামির কথায় দেশের মানুষ আর বিভ্রান্ত হবে না।
মঙ্গলবার বিকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা শ্রমিক লীগ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে মেয়ে (জয়-পুতুল ) হোস্টেলে থেকে পড়ালেখা করে বিভিন্ন সম্মাননা পেয়েছে। আর তারেক রহমান প্রথমে শাহীন স্কুল থেকে, পরে সেন্ট জোসেফ স্কুল থেকে বহিস্কার হয়েছে। পরে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল থেকে এসএসসি পাশ করেছেন।
আওয়ামী লীগের এ নেত্রী বলেন, বিএনপির একমাত্র লক্ষ্য হলোশেখ হাসিনাকে হত্যা করা। তাকে হত্যা করলে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করা হবে।
তিনি বলেন, বিএনপি বলে আমরা নাকি মিডিয়ার কণ্ঠরোধ করছি। তথ্য সংরক্ষণ আইন নিয়ে তারা বড় বড় কথা বলে। অথচ এর আগে তারা মিডিয়ার কণ্ঠরোধ করেছে। আর আমাদের সময়ে মিডিয়া স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে।
মহিলা শ্রমিক লীগের সভাপতি রওশন জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
ঢাকা, এমআর, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





