‘আমার বক্তব্য মিস কোড করবেন না’ সাংবাদিকদের উদ্দেশে বলা প্রধান বিচারপতির এমন বক্তব্যের জন্য ধন্যবাদ জানিয়েছে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, “তিনি (প্রধান বিচারপতি) বুঝতে পেরেছেন যে, তার বক্তব্যে সারাদেশের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বাধীনতার মীমাংসিত বিষয় নিয়ে তিনি যে কটাক্ষ করেছেন, বঙ্গবন্ধুকে নিয়ে তিনি যে বিতর্ক সৃষ্টি করেছেন, এটা বাংলাদেশের মানুষ সহজভাবে নেয়নি।”

আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে ঢাকা সংসদীয় আসন-১০ আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

ড. কামাল হোসেনকে ইঙ্গিত করে হানিফ বলেন, “আমাদের দেশের অনেক বিজ্ঞ আইনজীবী ডক্টরেটধারীরাও এ রায় নিয়ে কথা বলছেন। তারা এটাও বলছেন কারো ক্ষমতাই চিরস্থায়ী নয়। হুমকি দিচ্ছেন, নতুন করে স্বপ্ন দেখছেন, ঘোলা পানিতে মাছ শিকার করে কোনো পদে যাওয়া যায় কি না। ভবিষ্যতে কোনো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যায় কি না এ স্বপ্ন দেখছেন। এসব আইনজীবীদের উদ্দেশে বলি, বেশি লাফালাফি করে লাভ নেই। আপনারা যার কাঁধে ভর করে স্বপ্ন দেখছেন তিনি তার ভুল বুঝতে পেরেছেন।”

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

বিএনপি ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চেয়েছে উল্লেখ করে হানিফ বলেন, “মির্জা ফখরুল সাহেব, এটা বিএনপি নয় এটা আওয়ামী লীগ, এ আওয়ামী লীগ অনেক রক্ত চক্ষু উপেক্ষা করে অনেক সামরিক শাসককে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামিয়েছে। তাই আওয়ামী লীগকে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নেই।”

ড. আবদুর রাজ্জাক বলেন, “যারা ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে স্বপ্ন দেখছেন তাদের উদ্দেশে বলি, আমরা জনগণকে সাথে নিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করব। আগামী দিনে জনগণকে সাথে নিয়ে আবারও শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসবো।”

তিনি বলেন, “ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে কিছু সুশীল সমাজের ব্যক্তি যারা এদেশের অসাংবিধানিক সরকার চায়, অশুভ পরিবেশ সৃষ্টি করতে চায়, অবৈধ পথে সরকার পরিচালনা করতে চায় তাদের ভিতরে দেখি উৎসাহ উদ্দীপনা। আমি তাদের বলতে চাই আওয়ামী লীগের জনভিত, গণভিত্তি অনেক শক্তিশালী।”

এমবি