প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ‘মানসিক ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেছেন, ‘আমি মনে করি, তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করব তাঁকে পরীক্ষা করানো হোক, ডাক্তার দেখানো হোক, তাঁর মানসিক ভারসাম্য ঠিক আছে কি না। পাগল ছাড়া এমন কথা কেউ বলতে পারে না।’
গতকাল সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন। তিনি প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন। তুমি পাকিস্তানিদের হয়ে হুমকি দেখাও কত বড় দুঃসাহস তোমার? কত বড় ধৃষ্টতা।’
কালিয়াকৈর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পৌর কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম সর্দারের সভাপতিত্বে আলোচসা সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন প্রমুখ।
এএইচ





