জাতীয় একাদশ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনে দলীয় প্রার্থী তোফায়েল আহমেদ।

তিনি আরো বলেন, বিএনপির পরাজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সেজন্য অত্যাচারীর নির্যাতনের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হোন।

আজ রোববার দুপুরে সদর উপজেলার শিবপুর রোকেয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলার আসামি হিসেবে জেলে। তার ছেলে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার আসামি হিসেবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। ওদের কোনো নেতা নেই। ওরা কামাল হোসেনকে ভাড়া করেছে। এ দলে ভোট দেওয়া মানে ভোটটা পচিয়ে ফেলা।

নৌকায় ভোট চেয়ে বাণিজ্যমন্ত্রী মন্ত্রী বলেন, ৩০ তারিখ সকালে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। বিজয় আমাদের সুনিশ্চিত, বিএনপির পরাজয় নিশ্চিত। আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করে এ ভোলাকে সমৃদ্ধশালী জেলায় রূপান্তরিত করার সুযোগ করে দেবেন।

ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গফুর মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা পরিষদ সদস্য মো. ইউসুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুছ, তরুণ ভোটারদের পক্ষে তানজিয়া আক্তার।

এ নির্বাচনী পথসভায় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপতব, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন সহ দলীয় নেতারা।

শিবপুর ইউনিয়নে তোফায়েল আহমেদের গণসংযোগে হাজার হাজার মানুষ রাস্তার দুইপাশে দাঁড়িয়ে তাকে অভিবাধন জানান। পুরুষদের পাশাপাশি বিপুল সংখ্যক নারী ভোটাররাও এতে অংশ নেন। এদিকে বিকালে শহরের বাংলাস্কুল মাঠে তরুণ ভোটারদের নিয়ে সভা করেছেন তোফায়েল আহমেদ। এ দিন সন্ধ্যার পরে চরসামাইয়া ইউনিয়নের আরও একটি পথসভা অনুষ্ঠিত হয়।

মুহিব