মায়ানমারে রোহিঙ্গা মুসলমানের উপর পরিচালিত নৃশংস হত্যাকাণ্ড বন্ধে জাতিসংঘ ও ওআইসিসহ সকল মানবতার স্বপক্ষের শক্তি ও গোষ্ঠিকে সক্রিয় প্রয়াস গ্রহণের আহবান জানিয়েছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা এ আহবান জানান। এতে নেতৃত্ব দেন এনডিএফ ও এনপিপি- এর চেয়ারম্যান জননেতা শেখ শওকত হোসেন নিলু।
মানববন্ধনে বক্তারা বলেন, মানবিকতার খাতিরে হলেও রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করুন। কারণ, রোহিঙ্গারাও মানুষ। মানুষ হিসেবে রোহিঙ্গাদের যে নাগরিক অধিকার থাকার দরকার তার স্বীকৃতিও মিলছে না যুগযুগ ধরে।
অথচ এই মায়ানমারেরই একসময়ের জনপ্রিয় নেতা মি. উথান্ট মানবিকতার পাহারাদার ও শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠার শীর্ষ প্রতিষ্ঠান জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন। শুধু তাই নয়, এখন যখন রোহিঙ্গা মুসলমানদের উপর অবর্ণনীয় নৃশংস নির্যাতন এমনকি সরাসরি নিধন চলছে।
তখনও শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল শান্তি পুরস্কারে ভূষিত নন্দিত নেত্রী অং সান সুচি মায়ানমারের মাটিতে মহাদাপটেই একটি জনপ্রিয় রাজনৈতিক দল এনএলডি- এর নেতৃত্বে অধিষ্ঠিত। তিনিও কোন কথা বলছেন না। তাহলে কি এটাই প্রতীয়মান হয় না যে, রোহিঙ্গারা মুসলমান বলেই তাদের উপর নির্যাতন ও নিধন।
মানববন্ধনে বক্তব্য রাখেন এনডিএফ’র মহাসচিব ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান আলমগীর মজুমদার, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিশ ও মহাসচিব মিজানুর রহমান মিজু, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এম.এ রশীদ প্রধান ও মহাসচিব মো. মহিউদ্দিন প্রমুখ।
এআর





