খাদিজা আক্তারের ওপর হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ক্ষমতার দাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ছাত্রলীগের দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ছাত্রলীগের লাগাতার সন্ত্রাস, অপহরণ, চাঁদাবাজি ও খুনের ঘটনায় দেশের শিক্ষাঙ্গনসহ গোটা দেশটাই এখন মৃত্যুপুরী।
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তারকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের অব্যাহত নৈরাজ্যের একটি খণ্ডচিত্র মাত্র।
বর্তমান শাসকগোষ্ঠী ছাত্রলীগের অপকর্মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় পেশিশক্তির জোরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছাত্রছাত্রীরা সশস্ত্র ছাত্রলীগের নির্যাতন, নিপীড়ন, খুন, ধর্ষণ ও সম্ভ্রমহানির শিকার হচ্ছে।
এসএ





