বঙ্গবন্ধুকে রাজাকার, খুনি ও পাকবন্ধু বলায় জাতির মানহানি হয়েছে দাবি করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বরিশালে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
সোমবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি দায়ের করেন বরিশাল বিএম কলেজ (বাকসুর) সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাদ ও আদালতের আইনজীবী কাইয়ুম খান কায়সার।
মামলার পর বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূসরাত জাহান মামলাটি আমলে নিয়ে আগামী বছরের ১১ মার্চ তারেক রহমানকে আদালতে হাজিরের (সমন জারি) নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর নূরুল হক জানান, গত ১৫ ডিসেম্বর লন্ডনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার, খুনি ও পাকবন্ধু বলেন।
যা নিয়ে বিগত ১৭ ডিসেম্বর জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। তারেক রহমানের এমন বক্তব্যে সমগ্র বাঙালি জাতির মানহানি ঘটেছে এবং ওই সংবাদ পড়ে বাদী ও সাক্ষীগণ মর্মাহত ও ব্যথিক হয়েছেন।
তিনি জানান, মামলার বাদীরা মনে করেন স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার হীন উদ্দেশ্যে তারেক রহমান শিষ্টাচার বহির্ভুত মিথ্যাচার করেছে। যা শাস্তিযোগ্য অপরাধ।তাই ৪৯৯, ৫০০ ও ৫০১ ধারায় মামলা দুটি দায়ের করা হয়।
বরিশাল আদালতের পিপি অ্যাডভোকেট গিয়াসউদ্দিন কাবুল জানান, আদালতের বিচারক নূসরাত জাহান মামলা দুটি আমলে নিয়ে সমন জারি করেছেন।
এআর





