বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ গ্রাম্য মোড়লের মতো ভূমিকা পালন করছে। তাদের কাজই হচ্ছে জনগণকে অস্থির করে রাখা।
তিনি বলেন, আওয়ামী লীগ কৌশল পরিবর্তন করে বিভিন্ন রায়ের মধ্য দিয়ে আদালতকে ব্যবহার করছে।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার বাতিল করে এক দলীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করেছে।
ফখরুল বলেন, আমরা জনগণের ভোটাধিকার চাই। সে কারণে ৩০ ডিসেম্বর ভোটাধিকার হত্যা দিবস পালন করে আসছি। কারণ বিশ্ববাসী জানে ২৯ ডিসেম্বর রাতে আওয়ামী লীগ ভোট ডাকাতি করেছে। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের সম্মুখীন হতে পারে না। গণতন্ত্রকে তারা ভয় পায়। অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে ভয় পায়। তারা বিরোধী দলীয় নেতানেত্রীর বিরুদ্ধে মামলা-মোকদ্দমা দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।
পৌরসভার নির্বাচন নিয়ে তিনি বলেন, এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে ততদিন কোনো নির্বাচন সঠিকভাবে হবে না। এরপরও আমরা নির্বাচনে যাবো। কারণ বিএনপি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপিত তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ জেলা বিএনপির নেতারা।
এএস





