আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড যারা ঘটায় তাদের স্বাভাবিক মৃত্যু হয় না। নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী ষড়যন্ত্রকারী মীর জাফরসহ অন্যদের মৃত্যু কীভাবে হয়েছে তা দেখলেই বোঝা যায়।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দিকে তাকালেও একই বিষয় পরিলক্ষিত হয়।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি একথা বলেন।
রোহিঙ্গাদের বিষয়ে বিদেশি এনজিওগুলোর ভূমিকা প্রসঙ্গে কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চক্রান্ত আছে। আমাদের দেশীয় কিছু গোষ্ঠীও আছে, যারা আন্দোলন-সংগ্রামে ব্যর্থ।
রোহিঙ্গাদের নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের নিয়ে যারা নোংরা খেলায় মেতেছে তাদের বিষয়ে আমাদের কাছে তথ্য আছে। সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যারা কোটা আন্দোলন এবং শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের ওপর ভর করে ক্ষমতায় যেতে চায়, তারাই রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্র করছে। যারা নোংরা খেলায় মেতেছে তাদের বিষয়ে আমাদের কাছে তথ্য আছে। সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কাদের বলেন, কারবালার হত্যাকাণ্ডের সময়ও কোনো নারী এবং শিশুকে হত্যা করা হয়নি। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। সে হত্যাকাণ্ড থেকে শিশু রাসেল এবং অন্তঃসত্ত্বা নারীও বাদ যায়নি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি নৃশংসতম হত্যাকাণ্ড।
প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের শূন্য আসনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো উপ-নির্বাচনে আওয়ামী লীগ কাউকে ছাড় দেয়নি। রংপুরেও কাউকে ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা। প্রধান বক্তা ছিলেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার।
এএস





