ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছে, হরতালের নামে সন্ত্রাসী তাণ্ডব বরদাস্ত করা হবে না। আমরা আছি, আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে আছে।

হরতালের প্রতিবাদে সোমবার সকালে আওয়ামী সমর্থক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার জিরোটলারেন্স দেখাবে।

মায়া বলেনে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সন্ত্রাসী হরতাল দেশের জনগণ মানে না। তারা গণতন্ত্রের নামে গতকাল রাতে বাসে আগুন দিয়ে প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা শান্তিপূর্ণ হরতালের নামে বাসে আগুন ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে। আমরা ভবিষ্যতে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করব না।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ মানুষ। শান্তিতে বিশ্বাস করি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে আমরা মাঠে আছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে রয়েছে।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, হরতালের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে পরিণতি হবে ভয়াবহ। সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করলে বিএনপি অন্য নেতাদের অবস্থাও গয়েশ্বর-আলালের মতো পরিণতি হবে।

কামরুল বলেন, দেশে সুষ্ঠ রাজনীতির জন্য গণতান্ত্রিক পরিবেশ দরকার। আর এর জন্য খালেদা-তারেককে রাজনীতি থেকে বিতারিত করতে হবে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ‍উপ-দপ্তর সম্পাদক ‍জামালা উদ্দিন প্রুমখ।

এমআর, জেএ