বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, বিএনপি পাকিস্তানের আদর্শে লালিত একটি সংগঠন। আর বেগম খালেদা জিয়া মূলত এ দেশের মানুষের কোনো নেতা নন, তিনি পাকিস্তানের এজেন্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান, মেম্বারদের সঙ্গে এক মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
হানিফ আরো বলেন, বিএনপি মূলত সরকার পতনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার বড় প্রমাণ হলো মোসাফের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করা এবং তাদের সহায়তা চাওয়া।
হানিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থার জরিপ অনুসারে বর্তমান সরকার দেশের শতকরা ৭০ ভাগ মানুষের জনপ্রিয়তায় রয়েছে। এ খবর প্রকাশ হওয়ার পর জনগণ দ্বারা প্রত্যাখাত দল বিএনপির নেতা মির্জা ফখরুলরা সরকারের বিরুদ্ধে কথা বলে নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এমআইএস





