বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন- 'শেখ হাসিনা জাপান থেকে ফিরে সংবাদ সম্মেলনে এমনভাবে কথা বললেন, যেন বান কি মুন (জাতিসংঘ মহাসচিব) বাড়ির আবুল। তার (হাসিনা) ভাবখানা এমন যেন তিনি রাণী নন, মহারাণী।'
শুক্রবার বিকালে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে যদি কেউ নির্বোধ থাকে তা হচ্ছে শেখ হাসিনা। তাই জাপান সফর শেষে তিনি বিশ্ব নেতৃবৃন্দকে তুচ্ছ করতেও কার্পণ্য করেননি।
গয়েশ্বর বলেন, যেখানে আঘাত আসবে গণতন্ত্র রক্ষায় সেখানেই পাল্টা আঘাত করতে হবে। ঘরে বসে থাকলে চলবে না। শুধু ফেনী নয়, সারাদেশেই বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন ও অপহরণ চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এ সময় দলের সাংঘঠনিক দুর্বলতা দূর করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই নেতা।
আওয়ামী লীগ নেতা একরাম হত্যায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারকে অন্যায়ভাবে গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু ও ফেনী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি বেলাল আহমেদ প্রমুখ।
ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





