আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর ২১ আগস্টের জঘন্যতম গ্রেনেড হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে এর সুষ্ঠু তদন্ত চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ওই ঘটনার জন্য আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে দায়ী করে। কিন্তু এটি কোনো রাজনৈতিক নয়, সন্ত্রাসী হামলা। গ্রেনেড হামলার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। সেজন্য বিএনপিই এর বিচারকাজ শুরু করেছিল।

২১ আগস্টের ঘটনায় কাউকে রাজনৈতিকভাবে বিপদাপন্ন না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন নজরুল ইসলাম।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর সদ্য কারামুক্তি উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন শেষে সাংসাবিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

বিএনপির একজন নেতাসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার করা প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, সরকার নানাভাবে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত করার চেষ্টা চালাচ্ছে। সেজন্য ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে। এগুলো মানুষ বিশ্বাস করে না।

জামিন বাতিল করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে কারাগারে প্রেরণ এবং চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে গ্রেফতারের পর রিমান্ড দেওয়ার নিন্দা জানান তিনি। একই সঙ্গে তাদের অবিলম্বে মুক্তি দাবি করে দেশে রাজনৈতিক ধারা পরিবর্তন করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, ক্ষমতাসীনরা আদালত অবমাননাকর কথাবার্তা বললেও তাদের গ্রেফতার করা হয় না। অথচ ঠুনকো অপরাধে বিএনপির লোকজনকে গ্রেফতার করা হয়।

এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএইচ