মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে এ প্রশ্ন তোলেন।

প্রশ্ন উত্থাপনকালে হাসনাত আব্দুল্লাহ বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের মোট ঋণের পরিমাণ ৯২ হাজার ১১৫ কোটি টাকা, যার মধ্যে এস আলম গ্রুপের একক ঋণখেলাপির পরিমাণ প্রায় ৮০ হাজার কোটি টাকা। এছাড়া জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপের ঋণখেলাপির পরিমাণ প্রায় ২৫ হাজার কোটি টাকা। এই বিপুল পরিমাণ ঋণ পুনরুদ্ধারে চলতি অর্থবছরে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না এবং ঋণ পরিশোধ ছাড়াই তাদের পুনর্বহালের চেষ্টা হচ্ছে কি না— তা নিয়েও জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই। তিনি দাবি করেন, বিএনপি সরকারে থাকাকালে আর্থিক শৃঙ্খলা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা কিংবা শেয়ারবাজার সংক্রান্ত কোনো বড় ধরনের প্রশ্ন ওঠেনি।

মন্ত্রী আরও বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হয়েছে এবং সেগুলো অনুসরণ করা হচ্ছে। ঋণ পুনরুদ্ধারে আন্তর্জাতিক পর্যায়ে সরকার-টু-সরকার (জিটুজি) উদ্যোগের পাশাপাশি পেশাদার প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে বকেয়া অর্থ আদায় সম্ভব হবে।

এমএম