বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা জারি করাকে ‘বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার সকালে শেখ রাসেলের ৫১তম জন্মদিন উপলক্ষে বনানীতে শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন এ সতর্কতা জারি বাড়াবাড়ি। যুক্তরাষ্ট্রের নতুন করে সতর্কতা জারির মতো পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে নেই বলেও মন্তব্য করেন সরকারের এই প্রভাবশালী মন্ত্রী।
শেখ রাসেলের জন্মদিন আওয়ামী লীগসহ সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে।
এর আগে (শনিবার) যুক্তরাষ্ট্র দূতাবাসের হালনাগাদ করা নিরাপত্তাবিষয়ক বার্তায় বলা হয়েছে, সম্প্রতি দুই বিদেশী হত্যার পর বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের ওপর আবারও সন্ত্রাসী হামলা হতে পারে, তাদের কাছে এমন নির্ভরযোগ্য তথ্য রয়েছে। ফলে বাংলাদেশে ভ্রমণ বা চলাফেরার সময় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটি।
মার্কিন দূতাবাসের বার্তায় আরো বলা হয়, বাংলাদেশে বিদেশীদের নিরাপত্তা বাড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো অসাধারণ পদক্ষেপ নিয়েছে। কিন্তু এখনও ‘বাস্তব ও বিশ্বাসযোগ্য’ সন্ত্রাসী হুমকি রয়েছে।
ওই বার্তায় বলা হয়েছে, ২৮ সেপ্টেম্বর ইতালির একজন এবং ৪ অক্টোবর জাপানের একজন নাগরিককে হত্যার দায়িত্ব স্বীকার করে আইএসআই। ভবিষ্যতেও মার্কিন নাগরিকসহ পশ্চিমাদের লক্ষ্য করে হামলা হতে পারে।
বার্তায় বাংলাদেশে ভ্রমণরত কিংবা অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া, নিজেদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকা এবং স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের ব্যাপারে সতর্ক থাকতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
বলা হয়েছে, ভ্রমণের সময় দূতাবাসের কর্মীরা সতর্কতামূলক নিরাপত্তাবিধি অনুসরণ করবেন। সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জনসমাগম স্থলে যাওয়ার কোনো অনুমতি নেই। হেঁটে, মোটরসাইকেলে, সাইকেলে কিংবা কোনো ধরনের খোলামেলা বাহনে চলাফেরা করাও ঠিক হবে না। দূতাবাসের নিরাপত্তা শাখার অনুমতি ছাড়া আন্তর্জাতিক হোটেলসহ বাংলাদেশের বড় কোনো সমাবেশে যেতেও নিষেধ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর প্রথম নিরাপত্তা সতর্কতা জারি করে অস্ট্রেলিয়া। এরই মধ্যে ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালি নাগরিক সিজারি তাভেল্লা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ওইদিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ সতর্কতা জারি করে। একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে ক্রিকেট টিম অস্ট্রেলিয়া তাদের বাংলাদেশ সফর বাতিল করে।
এরই মধ্যে ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি সন্ত্রাসীদের হাতে নিহত হয়। তার পর থেকে যুক্তরাজ্য তাদের সতর্ক বার্তা প্রত্যাহার না করে ওয়েবসাইটে তাদের নাগরিকদের জন্য সতর্ক বার্তা হালনাগাদ করতে থাকে।
কেবি





