পবিত্র রমজান মাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিথ্যাচার অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে দাবি করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জিয়াউর রহমান বেঁচে থাকলে মিথ্যাচারের জন্য তিনি বেগম খালেদাকে তালাক দিতেন’।

সোমবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘পবিত্র রমজানে ইফতার মাহফিলের নামে বিএনপি নেত্রী খালেদা জিয়ার মিথ্যাচার বক্তব্য, দেশবাসীর ধিক্কার' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রমজান মাস সংযমের মাস উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমরা ভেবেছিলাম মানুষ পুড়িয়ে মারার জন্য বেগম খালেদা অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন। কিন্তু তিনি প্রতিদিন একটা করে ইফতার পার্টিতে যান আর মিথ্যাচার করে প্রতিনিয়ত নিজের মিথ্যাচারের রেকর্ড ভঙ্গ করছেন।’

অলিম্পিকের মতো মিথ্যাচারের জন্য কোন প্রতিযোগিতা থাকলে সে প্রতিযোগিতায় বেগম খালেদা চ্যাম্পিয়ন হতেন বলেও মন্তব্য করেন তিনি।

‘অতীতে সকল পেট্রোল বোমা পুলিশরা মেরেছেন’ খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, ‘এ বক্তব্যের জন্য আইজিপি খালেদাকে সংযত হয়ে কথা বলার কথা বলেছেন। কিন্তু আমি আইজিপি মহোদয়কে বলবো, খালেদা সংযত হতে জানেন না। তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।’

‘বিচার বিভাগের অবনতি হয়েছে’ খালেদা জিয়া এমন কথা বলে পবিত্র বিচার বিভাগ নিয়েও মিথ্যাচার করেছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আইনের শাসন সমুন্নত রাখতে, ন্যয় প্রতিষ্ঠা করতে এবং ভবিষ্যতের জন্য উদাহরন সৃষ্টি করতে মহামান্য হাইকোর্ট এবং সুপ্রীম কোর্টকে অনুরোধ করবো খালেদার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিন।’

‘ভবিষ্যতে দেশের অবস্থা আরও খারাপ হবে এমন কথা বলে খালেদা জিয়া আবারও পেট্রোল বোমা ছোড়ার ইঙ্গিত দিয়েছেন’ এমন মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘কিন্তু দেশের মানুষ এ সুযোগ আর দিবে না। খালেদা জাতির সামনে একটা ভূত, ভূত হিসেবে তিনি আর মানুষের সামনে আসতে পারবেন না বরং মানুষই এবার ভূত মারবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

এমএ/ইআর