জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশ আপিল বিভাগে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে আওয়ামী লীগ। আর এ সংবাদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পৌঁছলে সেখানে অপেক্ষমান কর্মীরা বিজয় মিছিল করেন।
গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ দৃশ্য দেখা গেছে। তবে এ সময় সেখানে আওয়ামী লীগের মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে দেখা যায়নি।
জানা গেছে, বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আর দিবসটি উপলক্ষে সকাল থেকেই কেন্দ্রীয় নেতারা দলীয় ওই কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছেন। এজন্যই দলীয় কার্যালয় অনেকটাই নেতাশূণ্য।
আর রায়ের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম বলেন, ‘আপিল বিভাগের রায়ে আমরা সন্তুষ্ট। আশা করি, দ্রুত এই রায় কার্যকরের মাধ্যমে জাতিকে অভিশাপমুক্ত করা হবে। আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে, আওয়ামী লীগই শেষ করবে।’
গত বছর ৯ মে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির আদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে কামারুজ্জামানের আইনজীবীরা আপিল করলে সোমবার আপিল বিভাগ ফাঁসির আদেশ বহাল রাখেন।
এএইচ





