প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ২১ বছর ক্ষমতায় ছিলেন তারা কেন দেশের উন্নতি করতে পারে নাই, ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত দেশ গড়তে পারেন নাই।
বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু যখনই সদ্য স্বাধীন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখনই তাকে হত্যা করা হয়।
আমাদের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়া। আমি জাতির পিতার কাছে ওয়াদা করে বলতে চাই, বাংলাদেশকে ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলবো।
২০২১ সালে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়ে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী পালন করবো। ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। এই ওয়াদা আমি বঙ্গবন্ধুর কাছে দিয়ে যাচ্ছি।
সভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, অধ্যাপক মুনতাসীর মামুন ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের আন্দোলন ও বিদেশি চাপের কারণে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। বঙ্গবন্ধু ফিরে আসার পর বাংলার স্বাধীনতা পূর্ণতা পায়। স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সর্বশক্তি নিয়োগ করেন। ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করেন। তার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বন্ধু-দেশসমূহ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছি। আওয়ামী লীগ সরকারের নিরলস প্রচেষ্টায় দেশের মানুষের জীবনমানের উন্নতি হচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
মাথাপিছু আয় ১ হাজার ৬১০ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। দেড় কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। ৫ কোটি মানুষ মধ্যম আয়ের স্তরে উঠে এসেছে।
এএস





