জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বিকাল ৩টার পর জাতীয় সংসদের বিরোধী দলের সম্মেলন কক্ষে বিরোধী দলের নেতা রওশন এরশাদের সভাপতিত্বে সংসদীয় দলের বৈঠক শুরু হয়।
এতে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ অংশ নেননি। সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ অন্য এমপিরা বৈঠকে অংশ নিচ্ছেন।
উপস্থিত আছেন দলের প্রেসিডিয়াম সদস্য থেকে সদ্য অব্যাহতি পাওয়া মশিউর রহমান রাঙা ও তাজুল ইসলাম চৌধুরী। বৈঠকে বিরোধী দলের উপনেতা নিয়োগ এবং সংবিধান সংশোধন বিলের বিষয়ে আলোচনা হবে বলে পার্টি সূত্র জানিয়েছে।
উপনেতা নিয়োগ নিয়ে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বিরোধী দলের নেতা রওশন এরশাদের চলা দ্বন্দ্বের জের ধরে রাঙা ও তাজুলকে দলের প্রেসিডিয়াম থেকে অব্যাহতি দেন এরশাদ। এর রেশ ধরে নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন। অব্যাহতি পাওয়া নেতারা দোষারোপ করছেন দলের চেয়ারম্যানকেও। এমন অবস্থায় আজকের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





