বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

সোমবার রাতে নিজের ফেসবুক ফ্যান পেইজে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। পোস্টটি টাইম নিউজ পাঠকদের জন্য তুলে ধরা হলো-

বিগত তিন মাস যাবৎ বাসে এবং গণপরিবহনে অগ্নিসংযোগ করে কমপক্ষে ১৬০জন হত্যা এবং আরো অসংখ্য মানুষকে আহত করায় ঢাকাবাসী খালেদা জিয়ার ওপর ভীষণ ক্ষিপ্ত।

আমি মনে করি, যারা আজ তার গাড়ীবহরে ইট-পাটকেল নিক্ষেপ করেছে তা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা আওয়ামী লীগ যেকোনো সহিংসতা এবং এ ধরনের হামলা সমর্থন করি না, কিন্তু এটাও ঠিক যে আমরা জনগণের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না।

সহিংসতার শিকার ওই নিরপরাধ আক্রান্তদের ন্যায়বিচার প্রাপ্য। খালেদা জিয়া এবং বিএনপিকে তাদের জঘন্য ও কাপুরুষোচিত জ্বালাওপোড়াওয়ের জন্য আইনের আওতায় আনা দরকার। গাড়িবহরে ইট নিক্ষেপ করাটা কোনো উপায় হতে পারে না।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে রোববার বিকালে উত্তরায় এবং সোমবার বিকালে কারওয়ান বাজারে খালেদার গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা। সোমবারের হামলায় চেয়ারপারসনের গাড়ির (ঢাকা মেট্রো-গ-১৩২৬১২) গ্লাস ভেঙ্গে গেছে। এছাড়া তার নিরাপত্তা টিম-সিএসএফের চারটি গাড়িসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় এক সিএসএফ সদস্য ও চার সাংবাদিকসহ অন্তত ১১জন আহত হন।

এআর