রংপুরে মিঠাপুকুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেত্রী মোরশেদা বেগমকে সোমবার (১১ জানুয়ারী) বিকালে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করায় তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই পুলিশ মিঠাপুকুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেত্রী মোরশেদা বেগমকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।”
তিনি জানান, “রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোরশেদা বেগম রংপুর কারাগারে বন্দি তার স্বামীর সাথে দেখা করে বাড়ি ফেরার পথে পুলিশ তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
তিনি এবং তার স্বামী গ্রেফতার হওয়ার কারণে তার পরিবার-পরিজন অসহায় অবস্থায় পড়েছে। স্বামী ও স্ত্রীকে কারাগারে বন্দি রেখে সরকার তাদের পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
সরকারের জুলুম নির্যাতন থেকে মহিলা নেত্রীরাও রেহাই পাচ্ছেন না। তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তাকে গ্রেফতার করে সরকার মিঠাপুকুর উপজেলার জনগণকে তার সেবা থেকে বঞ্চিত করেছে। সরকারের এ জুলুমের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
একইসঙ্গে তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেত্রী মোরশেদা বেগমসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এমকে





