সুপ্রিম কোর্টের সামনে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপনের পর অপসারিত ভাস্কর্যটি অ্যানেক্স ভবনের সামনে প্রতিস্থাপনের প্রতিবাদে শুক্রবার বায়তুল মোকাররমের সামনে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে হেফাজতের ইসলামের নেতা-কর্মীরা।
এদিকে হেফাজতে ইসলামের বায়তুল মোকাররমে অবস্থান ঘিরে সতর্ক অবস্থায় পুলিশ।
ন্যায়বিচারের প্রতীক হিসেবে ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের মূল ভবনের প্রধান ফটকের বাইরে লিলি ফোয়ারার সামনে স্থাপন করা হয়েছিল গত বছরের ডিসেম্বরে।
এরপর হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী সংগঠন ভাস্কর্যটির বিরোধিতায় নামে। গত ১১ এপ্রিল হেফাজতের আমির শাহ আহমদ শফী নেতৃত্বাধীন একদল ওলামার সঙ্গে গণভবনে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্যটি সরাতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
ভাস্কর্যটি সরানোর পক্ষে এর নান্দনিক ত্রুটির পাশাপাশি জাতীয় ঈদগাহের কাছে অবস্থানের কথা বলেন প্রধানমন্ত্রী।
রোজা শুরুর তিন দিন আগে বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে থেকে ভাস্কর্যটি অপসারণ করা হয়। এ নিয়ে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ও নানা আলোচনা, সমালোচনার মধ্যেই এটি শনিবার রাতে অ্যানেক্স ভবনের সামনে প্রতিস্থাপন করা হয়েছে।
খাজা/জেড





