ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজ উদ্দীন আহমদে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যদি বিরাজ করে তাহলে বিএনপি আসন্ন তিনটি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে পারে। তবে ২০ দলীয় জোটের বৈঠকে নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।
শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনমুখি দল, নির্বাচনের ব্যাপারে সব সময় ইতিবাচক।
ড. এমাজদ্দিন আরও বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহম্মেদ বেগম জিয়ার সন্তান তুল্য। তাই সালাহউদ্দিন আহমেদের নিখোঁজের ঘটনায় বেগম জিয়া খুবই উদ্ধিগ্ন। তিনি (খালেদা জিয়া) তাকে পরিবারের কাছে সুস্থ অবস্থায় ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
এর আগে শুক্রবার সন্ধায় ৭টা ১৫মিনিটের সময় ঢাবির সাবেক ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমদের নেতৃত্বে একদল শিক্ষক ও সাংবাদিক প্রতিনিধিদল তার কার্যালয়ে প্রবেশ করেন।
প্রতিনিধি দলে ছিলেন- ঢাবির সাবেক প্রো-ভিসি অধ্যাপক আ ফ ম ইউছুফ হায়দার, সাবেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ, আইন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন খাঁন, অধ্যাপক এবি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক তাহমিনা আক্তার টফি, বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কবি আব্দুল হাই সিকদার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফর উল্লাহ চৌধুরী প্রমূখ।
এমএইচ/এআই





