জাময়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বলেছেন, সরকার জামায়াত ও শিবির নেতাকর্মীদের গ্রেফতার করে জেলখানায় পাঠিয়ে গায়ের জোড়ে ক্ষমতায় থাকার চেষ্টা করছে।
তিনি বলেন, সরকারী দলের সন্ত্রাসীরা সারাদেশে হত্যা, খুন, গুম ও চাঁদাবাজী করছে। তাদের বিরুদ্ধে সরকার কোন পদক্ষেপ গ্রহণ করছে না।
সারাদেশে জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার এক বিবৃতিতে জামায়াত আমীর এ সব কথা বলেন।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়েরকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাগারে পাঠানো এবং রংপুর, লালমনিরহাট ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়েরকে রাজনৈতিকভাবে হয়রানির করার উদ্দেশে সরকার কারাগারে পাঠিয়েছে। উল্লেখ্য, দীর্ঘ ১৩ মাস কারাভোগের পর তিনি গত ২৪ এপ্রিল মুক্তি লাভ করেছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্যই সারাদেশে আবার ধরপাকড় শুরু করেছে। গত ৬ ও ৭ আগস্ট পুলিশ রংপুর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৩৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। ৭ আগস্ট লালমনিরহাটে ২০ দলীয় জোটের ৩৫ জন নেতাকর্মীকে আটক করেছে এবং রাজশাহীতে জামায়াতের ৫ জন নেতাকর্মীকে আটক করেছে। সরকার সারাদেশে আবার গ্রেফতার অভিযান শুরু করেছে।
সরকারের স্বৈরাচারী জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান জামায়াতের ভারপ্রাপ্ত আমীর।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





