আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির ভুল রাজনীতির কারণে জনগণ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি ভুলের রাজনীতি থেকে বেরিয়ে না আসলে জনগণ তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

আজ রবিবার ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন নানক।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ঢাকার দুই সিটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার পরও বিএনপির ফল প্রত্যাখ্যান এবং হরতাল আহ্বান দেশবাসীকে হতাশ-বিক্ষুব্ধ করেছে। জনগণ নির্বাচনে বিএনপিকে যেভাবে প্রত্যাখ্যান করেছে, আজ বিএনপির হরতালও একইভাবে বর্জন করেছে।

এর পরও যদি বিএনপি নেতিবাচক রাজনীতি পরিহার না করে, তা হলে তাদের দল জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হবে এবং প্রত্যাখ্যাত হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে।

নির্বাচন সুষ্ঠু হয়েছে, দাবি করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, অতীতের মতো কোথাও কোনো জাল ভোট দেয়া কিংবা কেন্দ্র দখল, ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেনি। তারপরও বিএনপি বিরোধিতার খাতিরে বিরোধিতা করে মিথ্যা অভিযোগে ফল বর্জনের নাটক করেছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপতৎপরতা চালাচ্ছে। ভোট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে এবং জনগণের রায় বর্জনের মধ্য দিয়ে দলটি পক্ষান্তরে গণতন্ত্রকে বর্জন করেছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠিনক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, অ্যাডভোকেট আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পাদক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস