রাজধানীর ভাটারা থানার কুড়িল এলাকার একটি বাসা থেকে আশিক-এ এলাহী (২০) নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে বাসায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আজ (২১ মে) মঙ্গলবার সকালে ভাটারা থানাধীন কুড়িলের কুড়াতলি বাজার এলাকার একটি বাসা থেকে আশিকের লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। বর্তমানে তার মৃতদেহ কুর্মিটোলা হাসপাতালে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী তার এক বান্ধবীর সঙ্গে কুড়াতলির ওই বাসায় ভাড়া থাকেন।
নিহতের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের মাস্টার্সের ছাত্র আল আমিন (২৫) জানান, মঙ্গলবার (২১ মে) সকালে তার ছোট ভাইয়ের এক সহপাঠীর (প্রেমিকা) ফোন পেয়ে তার বাসায় যান। সেখানে গিয়ে তিনি তার ছোট ভাইকে মৃত অবস্থায় পান বলে জানান।
পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তার লাশ কুর্মিটোলা হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের ভাই দাবি করেন, পরিকল্পিতভাবে তার ভাইকে ডেকে এনে হত্যা করে এখন তার প্রেমিকা আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে।
ভাটারা থানার ওসি (অপারেশন) মো. শিহাবউদ্দিন যুগান্তরকে জানান, প্রেমিক ও প্রেমিকা একই বিশ্ববিদ্যালয়ের একই সেমিস্টারের শিক্ষার্থী। বিষয়টি এখনও তদন্তাধীন। ময়নাতদন্তের জন্য কুর্মিটোলা থেকে ওই শিক্ষার্থীর লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হচ্ছে।
এমবি





