ফেনী জেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে স্থান পাননি প্রতাপশালী নেতা সাবেক জেলা সাধারণ সম্পাদক জয়নাল হাজারী।
তিনি ছাড়াও এই কমিটিতে স্থান পাননি আওয়ামী লীগের আরো বেশ কয়েকজন প্রভাবশালী নেতার।
এ কারণে কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিত অনেক প্রভাবশালী নেতা ও তাদের অনুসারিদের মধ্যে চরম ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছে।
দলীয় সূত্র জানায়, শনিবার ফেনীতে দলীয় জনসভায় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী কেন্দ্রের অনুমোদিত নতুন কমিটি পাঠ করে শোনান।
দীর্ঘ ১৩ মাস ঝুলে থাকার পর কেন্দ্র ফেনীর এই জেলা কমিটিকে অনুমোদন দেয়। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত ৭১ সদস্যের এ কমিটিতে আবদুর রহমান বিকমকে সভাপতি ও নিজাম উদ্দিন হাজারীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
তবে এ কমিটিতে নেই এক সময়ের দোদণ্ড প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল হাজারী। স্থান পাননি তার অনুসারিরাও।
এছাড়া জেলা যুবদলের সাবেক আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করায় ক্ষোভ দেখা দিয়েছে।
নবগঠিত এ কমিটিতে স্থান পাননি সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফেনী পৌরসভার সাবেক চেয়াম্যান মোশাররফ হোসেন মিয়া হাজারী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাস্টার মীর হোসেন ভূঁইয়া, জেলা কমিটির সাবেক অর্থ সম্পাদক হাজি ওবায়দুল হক। বাদ পড়েছেন সহযোগী সংগঠনের অনেক শীর্ষ নেতাও।
জেলা যুবলীগের সাবেক আহবায়ক আজহারুল হক আরজু সদস্য হিসেবে স্থান পেলেও যুগ্ম-আহবায়ক এডভোকেট শাহজাহান সাজু ও শাখাওয়াত হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মাসুদসহ জেলার অনেক প্রভাবশালী নেতা পদবঞ্চিত হয়েছেন।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে পদবঞ্চিত এক নেতা বলেন, দলের ত্যাগী নেতাদের স্থান না দিয়ে নবগঠিত এ কমিটিতে এমন কিছু নেতাকে স্থান দেয়া হয়েছে যারা আওয়ামী লীগের মত দলের জন্য লজ্জাকর।
অন্যদিকে, বিষয়টি নিয়ে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, দলের জন্য যোগ্য ও নিবেদিতরাই এ কমিটিতে স্থান পেয়েছেন।