লগি-বৈঠা তান্ডবের জন্য শেখ হাসিনাকে হুকুমের আসামি করে মামলা করা হবে বলে মন্তব্য করেছেন সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন।
বুধবার দুপরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে নাগরিক ফোরাম আয়োজিত ২৮ অক্টোবরের লগি-বৈঠা তান্ডবের ৮ বছর "গণতন্ত্র ও মানবাধিকার" শীর্ষক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, হাসিনা লগি-বৈঠা তান্ডবের আদেশ করায় শেখ মুজিবের আত্মাও কষ্ট পেয়েছে। এ জন্য তার বিচার হওয়া উচিৎ।
শাহ্ মোয়াজ্জেম বলেন, আমরা কি স্বাধীনতা অর্জন করলাম আমাদের লোকদের ভারত ধরে নিয়ে যাচ্ছে অথচ সরকার কোন প্রতিবাদ করে না।
বিএনপির এ প্রবীন নেতা শেখ হাসিনার সমালোচনা করে বলেন, দেশের স্বাধীনতা অর্জনের জন্য আপনার কোন অবদান নেই। আমরা মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করে ছিলাম। আর আপনি তখন পাকিস্তানিদের গাড়ীতে বসে হওয়া খেয়েছেন।
এ সরকার গুমের রাজনীতি শুরু করেছে মন্তব্য করে বিএনপি'র ভাইস-চেয়ারম্যান বলেন, দেশের রাজনীতির ইতিহাসে আগে গুম ছিলনা, জেল ছিল। এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি পুলিশ, র্যাবকে কৌশলে নিয়ন্ত্রণ করে বিরোধীদলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছেন।
শাহ্ মোয়াজ্জেমে দেশ-বাসীকে উদ্দেশ্য করে বলেন, বেগম খালেদা জিয়ার উপর সব ছেড়ে দিলে হবে না। দেশের নাগরিক হিসেবে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। আমি আমার দায়িত্ব পালন করেছি। আপনি আপনার দায়িত্ব পালন করুন।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে যত তাড়াতাড়ি গণতন্ত্র আসে তত তাড়াতাড়ি ৭১ এর ৩০ লাখ শহীদের আত্মা শান্তি পাবে।
বিএনপি'র প্রচার সম্পাদক জয়নুল আবেদিন ফারুক বলেন, আওয়ামী দু:শাসনের অতীতের ইতিহাস বর্তমানের ইতিহাস তুলে ধরতে হবে ভবিষৎ প্রজন্মের কাছে।
নাগরিক ফোরামের সভাপতি জনাব আবদুল্লাহিল মাসুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আনোয়ার হোসেন ভূঁইয়া, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিন, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রেজা।
এছাড়াও উপস্থিত ছিলেন এম.জহির আলী, এই সংগঠনের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট পারভেজ হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হাই প্রমূখ।
এমএইচ/এসএইচ





