শেখ হাসিনার ওপর পাকিস্তানের প্রেতাত্মা ভর করছে বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, পাকিস্তান সরকার বিরোধী মতের ওপর যেভাবে জুলুম, নির্যাতন, মামলা –হামলা চালিয়েছিল। সেই একইভাবে বর্তমান অবৈধ সরকার দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের ওপর খুন-গুম অপরহণ চালাচ্ছে।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সহযোগী সংগঠন ঐক্যপরিষদ আয়োজিত বর্তমান আওয়ামী সরকারের অপশাসনের প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার শাসন আমলে কেউ নিরাপদ নয়। তার আমলে মানুষ কর্ম হারিয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করেছে। খালেদা জিয়াসহ নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে।
সুষমা স্বরাজের বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, শক্তিশালী ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ভাবার বিষয় রয়েছে। সেজন্য বাংলাদেশ সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভারত কোন নিদিষ্ট দলের সাথে নয় জনগণের সাথে কাজ করবে। তারা পরিবর্তনের সঙ্গে থাকবে।
আয়োজক সংগঠনের সভাপতি মেজর (অব.) মো. হানিফের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, জাগপার সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।
ঢাকা, এমএইচ, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





