বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নির্বাচনের আগেই পরিবেশকে অস্থিতিশীল করছে।

শুক্রবার গণমাধ্যমের জন্য দেয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন।

তিনি বলেন, আইজিপি শহিদুল হক বলেছেন, কমিশনের নির্দেশ মতেই দায়িত্ব পালন করছে পুলিশ। তাহলে কি বিরোধীদল সমর্থীত প্রার্থী ও তাদের কর্মীদের গণগ্রেফতার, বাসায় বাসায় তল্লাশী, হামলা ভাংচুর এসবই নির্বাচন কমিশনের নির্দেশে হচ্ছে? এর জবাব কমিশনকেই দিতে হবে।

তিনি বলেন, সরকার জোটের শীর্ষ নেতাদের কারাবন্দী ও অবরুদ্ধ রেখে একতরফা নির্বাচনী তামাশা করতে চায়। বিরোধী দলগুলোর অফিসগুলো এখনো খুলে দেয়া হয়নি। কাউন্সিলরদের বাসায় বাসায় পুলিশী তল্লাশী, আসবাব সরঞ্জাম ভাংচুর করা হচ্ছে। কমিশনার প্রার্থীদের বাসায় বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। অবিলম্বে এমন খেলা বন্ধ করতে হবে। তানাহলে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নাগরিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

জামায়াত নেতা বলেন, দেশে কারোই বাকস্বাধীনতা নেই। শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তার বক্তৃতায় বলেন, শেখ হাসিনার সরকারের আমলে কোন ইসলাম বিরোধী কর্মকান্ড হয়নি। তাৎক্ষনিক মহিবুল্লাহ মহিম নামে একজন এর প্রতিবাদ করায় তাঁকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরী করা হয়েছে যে সরকারের মিথ্যাচারিতার কোন প্রতিবাদও করা যাচ্ছেনা। তবে সরকারীদলের তাবেদারদের মধ্য থেকেই এখন যে প্রতিবাদের ঢেউ উঠেছে এটাই সুনামি হয়ে জনবিচ্ছিন্ন দখলদার শাসকগোষ্ঠীকে ভাসিয়ে দিবে।

এসএইচ