বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, উপজেলা নির্বাচনের ফলাফলে হতাশা হয়ে আওয়ামী লীগ এখন সন্ত্রাসীদের ওপর নির্ভর করে পরবর্তী উপজেলা নির্বাচনে জিততে চায়।
রোববার বিকালে উপজেলা নির্বাচনে সরকারের নগ্ন হস্তক্ষেপ ও ব্যাপক কারচুপির প্রতিবাদে মাহমুদুর রহমান মুক্তি পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের সমর্থিত প্রার্থীদের পরাজিত করার জন্য নতুন করে গভীর ষড়যন্ত্র করছে সরকার।
তিনি বলেন, সংবিধান অনুযায়ি বর্তমান সরকার অবৈধ। এই সরকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলার অনুমতি সরকার দিবে না। কিন্তু দেশে এই সরকারই শেষ সরকার নয় ভবিষ্যতে গণতান্ত্রিক সরকার আসলে তাদের সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রদ্রোহ মামলা করা হবে।
তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে বলেন, দেশে যে অবস্থা চলছে তাতে করে যে কোনো সময় যে কারো জীবনের নিরাপত্তা নিয়ে হুমকি রয়েছে। এইভাবে একটি দেশ চলতে পারে না।
পুলিশের প্রহরায় প্রিজন ভ্যান থেকে আসামী ছিনতাইয়ের ঘটনায় সরকারের দুর্বলতা প্রকাশ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, পুলিশের কাছ থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী ছিনতাইয়ের ঘটনাকে হালকভাবে দেখার সুযোগ নেই। এর পেছনে কারা জড়িত তাদের অবিলম্বে খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে।
তিনি সরকারের প্রতি প্রশ্ন করে বলেন, আজকে জর্জকোর্ট থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের পালানোর সুযোগ কারা দিয়েছে তাও আজ জাতি জানতে চায়। আপনারা যদি আইনের শাসন চান তাহলে এইসব সন্ত্রাসীদের ১২ ঘন্টার মধ্যে গ্রেফতারের ব্যবস্থা করুন।
তিনি বলেন, জনগণের ভোট ছাড়া কোনো দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। আওয়ামী লীগের বর্তমান আচরণ তাই প্রমাণ করে।
সংগঠনের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ, সংগঠনের উপদেষ্ঠা মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ২৩ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
সন্ত্রাসী করে উপজেলা নির্বাচনে জিততে চায় সরকার:ব্যারিস্টার রফিকুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, উপজেলা নির্বাচনের ফলাফলে হতাশা হয়ে আওয়ামী লীগ এখন সন্ত্রাসীদের ওপর নির্ভর করে পরবর্তী উপজেলা নির্বাচনে জিততে চায়।





