অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সেবাহান গোলাপ।

তাদের কর্মসূচির মধ্যে রয়েছে, ২১ ফেব্রুয়ারি (শনিবার) রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর পুষ্পার্ঘ্য অর্পণ। ভোর ৬টা ৩০মিনিটে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সংগঠনের সকল শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।

সকাল ৭টায় কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরী সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন। নিউ মার্কেটের দক্ষিণ গেট থেকে প্রভাতফেরী শুরু হবে।

২২ ফেব্রুয়ারি রোববার বিকাল ৩টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে (খামার বাড়ি) আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় অংশ নেবেন জাতীয় নেতৃবৃন্দ।

এমআর/কেএইচ