বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম পেন্ডোরার বাক্স খুলে দিয়েছেন। তার বক্তব্যে দেশের মানুষ আরও নিশ্চিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ও জাতীয় নির্বাচন নিয়ে সরকারের হীন কারসাজি সম্পর্কে হাতেনাতে প্রমাণ পেল।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবীর রিজভী বলেন- বিএনপিসহ ২০ দলীয় জোট আগে থেকেই সরকারি ষড়যন্ত্রের আশঙ্কা ও নীলনকশা টের পেয়ে সে বিষয়ে জনগণকে বারবার অবহিত করেছে। জনগণও সে কথা বিশ্বাস করেছে। এ কারণে বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এখন এইচ টি ইমাম যতই অন্ত.সারশূণ্য বক্তব্য দেন না কেন, কোনো কাজ হবে না। জনগণ যা জানার তা জেনে ফেলেছে। মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না।
তিনি আরও বলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সমন জারি করে বিভ্রান্ত সৃষ্টি করা হলেও সরকারের কুকীর্তি সম্পর্কে জনগণ যা বুঝার বুঝে গেছে। ক্ষমতাশীন দলের একজন দায়িত্বশীল নেতার দায়ের করা এ মামলা সরকারের দূরভিসন্ধী বলে মনে করে বিএনপি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এ জেড এম জাহিদ হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, প্রশিক্ষণ সম্পাদক আসাদুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ-তথ্য বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদলের সহ-সভাপতি আব্দুস সালাম ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু প্রমুখ।
এএইচ





