খুব শিগগিরই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শনিবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ যুব মহিলা লীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
গতকাল সংবাদ সম্মেলনে দেয়া খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, মিথ্যাচার করে পার পাওয়া যাবে না। মানুষ হত্যার শাস্তি পেতেই হবে। শিগগিরই খালেদা জিয়াকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। নিজের দায় অন্যের উপর চাপানোর চেষ্টা করে কোন লাভ হবে না।
তিনি বলেন, সাংবাদিক সম্মেলন ডেকে সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছে, তিনি মিথ্যাচার করেছেন।
হানিফ বলেন, সজীব ওয়াজেদ জয় কে অপহরণের চেষ্টার মূলহোতা বেগম জিয়া ও তার পুত্র তারেক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংগঠনের সভানেত্রী নাজমা আক্তারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদিকা অপু উকিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমআর/এসএইচ





