বিএনপি নেত্রী খালেদা জিয়া সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসবমুখর পরিবেশ নষ্টের পায়তারা করছে এবং নির্বাচনী মাঠ থেকে পালানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত ‘কমরেড ভাই লেনিন এর ১৪৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্য এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার মেজর কর্মী বাহিনী হচ্ছে জামায়াত, এমন দাবি করে মন্ত্রী বলেন, ‘এই সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে যারা প্রচারণা চালাচ্ছে তার বেশিরই ভাগই হচ্ছে জামায়াতের কর্মী। দেশের প্রতিটি জেলা থেকে জামায়াতের কর্মীদেরকে তুলে এনে এই নির্বাচনে ব্যবহার করা হচ্ছে।’

বিএনপির নেত্রী উস্কানীমূলক আচরণ করছে এমন মন্তব্য করে রাশেদ খান মেনন বলেন, ‘দেশে যে নির্বাচনের একটি সুন্দর পরিবেশ আছে তাকে নষ্টের জন্য খালেদা জিয়া কাজ করছে।’

দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবীর সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের কিছু বুদ্ধিজীবী আছে যারা গণতন্ত্র নিয়ে সমালোচনা করে। কিন্তু তারা মূল বিষয় থেকেই সরে গেছে। আর তাই তারা কিছুই খুজে পাচ্ছে না।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজকে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মৌলবাদ। আর এই মৌলবাদ বিভিন্ন নামে ২৯টি সংগঠন খুলেছে। আজকে তারা মাথা চাড়া দিয়ে উঠেছে।’

পহেলা বৈশাখের ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘পহেলা বৈশাখে আমাদের মেয়েদের উপর যেই হামলাটি হয়েছে, তা হচ্ছে পূর্ব পরিকল্পিত। কারণ পহেলা বৈশাখ আমাদের দেশের প্রধান উৎসবে পরিণত হয়েছে।’

সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, কমরেড এম এ গনী, সংগঠনের কেন্দ্রীয় সদস্য হারুন চৌধুরী, ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।

এমএ/ এসএইচ