বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নোয়াখালীর সুবর্ণচরে যে ঘটনা (৪ সন্তানের মা’কে আ.লীগের ১০/১২ নেতাকর্মী মিলে গণধর্ষণ) ঘটেছে, এটা যারা ঘটিয়েছে এবং এর পেছনে যারা রয়েছে তাদের প্রত্যেকের বিচার করতে হবে। আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

বিএনপির মহাসচিব বলেন, “নির্বাচনের নামে দেশে যে প্রহসন হয়েছে এটা দেশকে গণতন্ত্রহীনতা এবং অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যাবে। এটা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা ও প্রহসন। জনগণ তা মেনে নেয়নি ও মেনে নেবেও না। নির্বাচনের আগে ও পরে যে ধরনের নৃশংসতা হয়েছে তা ইতিহাসে বিরল। ”

আজ (০৫ জানুয়ারি) শনিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে গণধর্ষণের শিকার ৪ সন্তানের মা’কে দেখতে এসে মির্জা ফখরুল এইসব কথা বলেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষে’ ভোট দেওয়ায় নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের মা’কে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১০/১২ নেতাকর্মী মিলে গণধর্ষণ করে। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে।

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, “দেশে এক দলীয় শাসন প্রতিষ্ঠার নীল নকশা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।”

তিনি বলেন, “এই নির্বাচনকে কেন্দ্র করে বহু নেতাকর্মী আহত ও পঙ্গু হয়েছেন। নির্বাচনের আগে ও পরে যে ধরনের নৃশংসতা হয়েছে তা ইতিহাসে বিরল। নোয়াখালীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ করা হয়েছে। আমরা এ ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় রাজনীতিতে একটি দীর্ঘস্থায়ী ক্ষতের সৃষ্টি হলো, বাংলাদেশ অন্ধকার যুগে প্রবেশ করলো এবং বাংলাদেশ গণতন্ত্রবিহীন হলো।”

মির্জা ফখরুল বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে আমরা এ সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করবো ও রুখে দাঁড়াব। এর বিচারের ভার জনগণের কাছে দিলাম। এর পিছনে যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার করতে হবে এবং আওয়ামী লীগকে এজন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”

এসময় সেখানে উপস্থিত ছিলেন- নোয়াখালী-৪ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য, দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

এছাড়া, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, হারুনুর রশীদ, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা রেহানা আখতার রানু, সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া উপস্থিত ছিলেন।

এমবি